ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি/স্টাফ রিপোর্টার:
খুলনার ডুমুরিয়া উপজেলায় প্রকাশ্যে দিনদুপুরে চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ১২ নম্বর রংপুর ইউনিয়নের বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর এলাকার জোড়া বটতলা নামক স্থানে গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তরিকুল নিজ বাড়ির অদূরে চায়ের দোকানে বসে ছিলেন। এমন সময় হেলমেট পরিহিত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে চায়ের দোকানে ঢোকে এবং তরিকুলকে লক্ষ্য করে খুব কাছ থেকে কয়েকটি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলির আঘাতে তরিকুল ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় ঢলে পড়েন ও মারা যান।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের কারণ ও এর পেছনে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।"
এদিকে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী বাগেরহাট ও মোংলা সফর শেষ করে খুলনায় অবস্থান করছিলেন। খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। উচ্চপর্যায়ের এই সফর চলাকালেই ডুমুরিয়ায় এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১ ও ২ নভেম্বর খুলনা অঞ্চলে পৃথক কয়েকটি ঘটনায় ৪ জন হত্যাকাণ্ডের শিকার হন। এ নিয়ে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির হঠাৎ অবনতিতে সর্বস্তরের মানুষের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে।